
সোহেল রানা, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নগরীর লক্ষীপুর কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম রেজিনা সরকার পাখি (২১)।
জানা গেছে, রেজিনা নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাসিন্দা ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী নগরীতে ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজিনার সঙ্গে ভারতের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নিতে পারেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আত্মহত্যার আগে রেজিনা তাঁর ফেসবুক আইডিতে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি লেখেন, “আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক… পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।”
এর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে লেখেন, “বিদায় এই সুন্দর পৃথিবী।”
এছাড়া শেষ মুহূর্তে “আই লাভ ইউ” ও “আই মিস ইউ” লিখেও পোস্ট দেন। পরে তিনি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply