
সোহেল রানা,রাজশাহী :
রাজশাহী জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন খন্দকার মোঃ শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে রাজশাহী জেলা পুলিশ অফিসে আয়োজিত এ বার্ষিক পরিদর্শন কার্যক্রমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে তিনি জেলা পুলিশ অফিসের বিভিন্ন শাখা, মালখানা, হিসাব শাখা, নথিপত্র সংরক্ষণাগার ও প্রশাসনিক দপ্তরসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি অফিসের রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি, অস্ত্রাগারের রক্ষণাবেক্ষণ, জিডি ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত তথ্যাদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
অ্যাডিশনাল ডিআইজি মহোদয় দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল শক্তি। তাই প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
তিনি অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, নারী ও শিশু সংক্রান্ত মামলায় সংবেদনশীলতা প্রদর্শন এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
সার্বিকভাবে এ বার্ষিক পরিদর্শন জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply